মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে ২৫ আগস্ট মামলাটির রায় দেওয়ার কথা ছিল। তবে রাষ্ট্রপক্ষ সময় চাওয়ায় সেদিন রায় ঘোষণা না করে ৩১ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক জানিয়েছিলেন, হিটু শেখের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে ছিল প্রত্যক্ষদর্শীসহ সাক্ষীদের বক্তব্য, ১৬৪ ধারায় আসামির দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদন।
শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় তার বোনের শ্বশুর হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়। বিচার চলাকালে আছিয়ার বড় বোন হামিদাসহ মোট ২৯ জন সাক্ষ্য দেন। মামলায় হিটু শেখ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
২০২৫ সালের ১৭ মে মামলার রায় ঘোষণা করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
তবে একই মামলায় অভিযোগভুক্ত অপর তিন আসামি আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়।
বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হিটু শেখের করা আপিল এবং সাজা অনুমোদনের ডেথ রেফারেন্সের শুনানি শেষে আজ মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট।
মতামত