নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উত্তরাঞ্চলের পাঁচ জেলা সফরের অংশ হিসেবে নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন।
রোববার (৩০ আগস্ট) দুপুরে তিনি তিস্তা ব্যারাজ ও দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তার সহধর্মিণী মিসেস ডিয়ান ডাও এবং মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল সঙ্গে ছিলেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত তিস্তা নদীর বর্তমান অবস্থা, নাব্যতা সংকট এবং সেচ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সরেজমিনে ধারণা নেন। পরে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সভায় তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার, সেচ কার্যক্রম এবং শুষ্ক মৌসুমে পানির সংকটের কারণে কৃষকদের ওপর পড়া প্রভাব সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। এ সময় তিস্তা অববাহিকার মানুষের জীবনযাত্রা ও আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।
এর আগে রোববার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখান থেকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িতে একটি দুগ্ধ খামার পরিদর্শন করেন।
তিনদিনের সফরসূচি অনুযায়ী, সোমবার পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদী, বাংলাবান্ধা স্থলবন্দর এলাকার আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট, জেলা সদর হাসপাতাল, রকস মিউজিয়াম ও একটি চা কারখানা পরিদর্শনের কথা রয়েছে। একই দিনে পঞ্চগড় সার্কিট হাউজে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
সফরের শেষ দিন মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ঐতিহ্যবাহী সূর্যপুরী আমগাছ, দিনাজপুরের কান্তজির মন্দির ও নয়াবাদ মসজিদ এবং পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করবেন মার্কিন রাষ্ট্রদূত। পরে রেলপথে সৈয়দপুরে গিয়ে রেলওয়ে কারখানা ও জাদুঘর পরিদর্শনের পাশাপাশি শহরের চিনি মসজিদ ও সৈয়দপুর খ্রিস্টান চার্চ ঘুরে দেখার কথা রয়েছে। এরপর রাতে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
নীলফামারী পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন জানান, রাষ্ট্রদূতের সফরকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সফরসূচি অনুযায়ী সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিস্তা ব্যারাজ পরিদর্শনের সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন, রংপুর উত্তরাঞ্চলের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরানুজ্জামান, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্রসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৫ জানুয়ারি ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন।
মতামত