জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে খুশি নামের ১০ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পূর্ব সুখনগরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের আমজাদ আলীর মেয়ে।
খুশি’র স্বজনেরা জানান- দুপুরে শিশুটিকে বাড়ির উঠানে বসিয়ে রেখে মা ঘরের ভেতরে যান। কিছুক্ষণ পর বাইরে এসে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে খুশিকে ভাসতে দেখা যায়।
পরে স্বজনেরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাব্বির রহমান পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মতামত