বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর বাস ও লরিটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বার্থী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বার্থী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বরিশালের দিকে আসা মেসার্স তামিম ফুয়েল সাপ্লাইয়ের তেলবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের কয়েকজন যাত্রী ও লরির চালক আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানোর হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত বাস ও লরি জব্দ করা হয়েছে। কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মতামত