জামালপুরে ঘোড়ার মাংস বিক্রি চক্রের সদস্যদের অর্থের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান (মেহেদী)কে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদল।
শনিবার (২৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান শুমিল।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রদল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান (মেহেদী)কে দল থেকে বহিষ্কার করা হয়।
এর আগে ২৩ আগস্ট জামালপুর সদর উপজেলার নরুন্দিতে অভিযান চালিয়ে এক হাজার কেজি ঘোড়ার মাংসসহ পাঁচজনকে আটক করে পুলিশ। একই ঘটনায় জনতা এ চক্রের আরও চার সদস্যকে আটক করে। আটক ব্যাক্তিদের পুলিশে সোপর্দের কথা বলে জনতা কাছ থেকে ছাড়িয়ে নেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়নি। জনতা কর্তৃক আটক চার ব্যাক্তির কাছ থেকো মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেয় ছাত্রদল নেতা মাহমুদুল হাসান-মেহেদী। এ ঘটনায় জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ ব্যাপারে মাহমুদুল হাসান-মেহেদী জানান, আমি এ ঘটনার সাথে জড়িত না। মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান শুমিল জানান, বিষয়টি প্রচার হওয়ার পর কেন্দ্রীয় ছাত্রদলের নজরে আসে। পরে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়৷
মতামত