অর্জুন সিংয়ের বিতর্কিত ও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে বক্তব্যের পরও সরকার কোনো দৃশ্যমান কূটনৈতিক পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
নাহিদ ইসলাম বলেন, এমন বক্তব্যের পরও সরকারের পক্ষ থেকে কোনো কূটনৈতিক উদ্যোগ দেখা যায়নি। সরকারের এই নীরবতা বাংলাদেশের স্বাধীনতা, মর্যাদা ও শক্তিশালী পররাষ্ট্রনীতির জন্য লজ্জাজনক।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও মর্যাদার প্রশ্নে সরকারের আরও দৃঢ় অবস্থান নেওয়া উচিত ছিল।
পোস্টে তিনি লিখেন, ‘পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী বাংলাদেশ দখলের হুমকি দিয়ে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত করেছেন। লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত প্রিয় মাতৃভূমিকে নিয়ে এমন মন্তব্য এদেশের আঠারো কোটি মানুষের আত্মমর্যাদার প্রতি চরম ধৃষ্টতার শামিল।
ভারতের মনে রাখা উচিত, ভারতের সার্বভৌমত্ব ও অখন্ডতাও বাংলাদেশের উপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশের সার্বভৌমত্বকে খাটো করে, প্রক্সি শক্তির মাধ্যমে এদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা খোদ ভারতের অখণ্ডতাকেই বিপন্ন করতে পারে। এদেশের জনগণ ভারত রাষ্ট্রের বাংলাদেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সদা জাগ্রত ও প্রস্তুত।’
মতামত