নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মুন্সীগঞ্জ পৌরসভায় অবস্থিত জেলা জামায়াতের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়।
এর আগে কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটওয়ারী।
এ সময় আরও বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য খিদির আব্দুস সালাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি এস এম জাহিদ।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মো. আক্তার হোসেন, মাওলানা এ কে এম আবু ইউসুফ, মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইনসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মতামত