‘বছর পেরিয়ে আগামীর প্রত্যয়ে’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্তচিন্তার দূরন্ত প্রকাশ দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল শহরের জেলা পরিষদ ডাকবাংলোর হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা ও শুভেচ্ছা বিনিময় শেষে কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
দৈনিক রূপালী বাংলাদেশের মৌলভীবাজার প্রতিনিধি তানভীর ইসলাম কাওসারের সভাপতিত্বে এবং দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. জিয়াউর রহমান বলেন,পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার একটি সুযোগ হিসেবে দেখছেন। প্রশাসনের দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সব সময় সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ না হলেও সাংবাদিকদের সহযোগিতা করার চেষ্টা করেন এবং তাঁদের আবেগ-অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে চান।
তিনি আরও বলেন,ব্যক্তিগতভাবে কেউই ভুলত্রুটির ঊর্ধ্বে নন। তবে সাংবাদিকদের লেখনীতে অনেক সময় গুরুত্বপূর্ণ কাজ ও ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হয়। প্রশাসনের কাজে সাংবাদিকদের সংবাদ ও মতামতকে শক্তি হিসেবে বিবেচনা করেন তিনি। দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন ইউএনও।
অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক,ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি,আরপি নিউজের সম্পাদক এবং কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
তিনি বলেন,গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হলেও এর সাংবিধানিক ও আইনি স্বীকৃতি নিশ্চিত করা প্রয়োজন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পূর্ণতা পেতে হলে জনস্বার্থ অভিমুখী স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। সরকার ও প্রশাসনের অসংগতি তুলে ধরার পাশাপাশি জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় গণমাধ্যমকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন,গণমাধ্যম সরকার, প্রশাসন কিংবা জনগণের প্রতিপক্ষ নয়; বরং জনস্বার্থে দায়িত্বশীল নজরদারির মাধ্যমে রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে। সাংবাদিকতায় ঝুঁকি থাকলেও সততা,নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে। হলুদ সাংবাদিকতার কোনো স্থান যেন পেশাদার সাংবাদিকতায় না থাকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম,শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল,দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ইসমাইল মাহমুদ,শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন,সদস্যসচিব ও দৈনিক দিনকালের প্রতিনিধি রুবেল আহমেদ, দৈনিক আমার দেশের প্রতিনিধি কাজী গোলাম কিবরিয়া জুয়েল,দৈনিক মানবজমিনের প্রতিনিধি এম জামাল মিয়া, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি শিমুল তরফদার এবং জৈন্তা বার্তার প্রতিনিধি রবি উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আতাউর রহমান কাজল, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মো. এহসানুল হক,গণমাধ্যমকর্মী বাপ্পি দে ও রাজেশ ভৌমিক,দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি ও চায়ের জনপদ পত্রিকার প্রতিনিধি মো. আলামিনসহ শ্রীমঙ্গলে কর্মরত কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা দৈনিক রূপালী বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন,স্বাধীন সাংবাদিকতা এবং জনস্বার্থে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
মতামত