মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় যৌথ টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি),হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি),র্যাব-৯ ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স।
রোববার (২৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় অবৈধ পণ্য পাচারের তথ্য পেয়ে যৌথ টাস্কফোর্সের একটি দল শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। এ সময় জেলা প্রশাসনের পক্ষে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানকালে রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করা হয়। বিজিবির হিসাবে,জব্দ করা পণ্যগুলোর প্রাথমিক সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
বিজিবি জানায়,অবৈধভাবে আমদানি ও পাচারের উদ্দেশ্যে পরিবহন করা এসব পণ্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
৪৬ বিজিবি কর্তৃপক্ষ জানায়,সীমান্ত সুরক্ষা,চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে দেশে পণ্য প্রবেশ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।
চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি অবৈধ পণ্য পাচারের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিজিবি।
মতামত