ফরিদপুরের সদরপুরে জান্নাতুল আক্তার (১৪) নামে এক কিশোরীর গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
রোববার (২৩ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দড়ি কৃষ্ণপুর গ্রামের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল আক্তার ওই গ্রামের মো. জাফার খানের মেয়ে। পরিবারের বরাত দিয়ে জানা যায়, শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে ছোট বোন সাইফা আক্তারকে (৬) সঙ্গে নিয়ে ঘুমাতে যান জান্নাতুল। পরে সকালে ছোট বোন তাকে ঘরের টিনের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা এগিয়ে আসেন এবং তাকে নিচে নামান।
পরিবারের দাবি, জান্নাতুল দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
খবর পেয়ে সদরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সদরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল আল মামুন সাহ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মতামত