পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (সোমবার ২৬ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, গত রোববার (২৫ অক্টোবর) সকালে উত্তরের এই জনপদে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস, যা এ অঞ্চলের শীতের স্পষ্ট বার্তা। অর্থাৎ দিনের বেলা তপ্ত রোদ থাকলেও মধ্যরাতের পর থেকেই পাল্টে যাচ্ছে আবহাওয়া। দ্রুত তাপমাত্রা কমেতে শুরু করায় জনজীবনে শীতের আমেজ অনুভূত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে ভোর ও সকালে আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সকালে হালকা কুয়াশার মতো আবহ এবং ঠান্ডা বাতাস অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা বাড়ছে। আবহাওয়ার এমন পরিবর্তনের কারণে অনেকেই শীতের পোশাক ও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ভোরের দিকে তাপমাত্রা কম থাকলেও সূর্য ওঠার পর তা ধীরে ধীরে বাড়তে থাকে। এ কারণে দিনের বেলায় গরম অনুভূত হলেও সকাল ও সন্ধ্যার দিকে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকছে। তাই এখন থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে, যা মূলত শীতের আগমনী বার্তা।
মতামত