মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে আগুন, সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা এবং ইয়েমেনে নতুন করে সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে এত অস্থিরতার মধ্যেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বড় ধরনের অস্থিরতার মুখে পড়েনি। বরং গত এক মাসে তেলের দাম কমেছে প্রায় ১৪ শতাংশ।
শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দাঁড়ায় ৮৩ দশমিক ৬২ ডলার। জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সাম্প্রতিক সময়ে দাম কমেছে বলে জানা গেছে।
এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চল ও রাজধানী রিয়াদে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হচ্ছে।
অন্যদিকে, হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি আরও বেড়েছে। শুক্রবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও এই জলপথের নিরাপত্তাঝুঁকিকে ‘গুরুতর’ হিসেবে চিহ্নিত করেছে। সংস্থাটির আশঙ্কা, সেখানে আরও হামলার ঘটনা ঘটতে পারে।
এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্যেও ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তবে আঞ্চলিক উত্তেজনা সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহণ পুরোপুরি বন্ধ হয়নি। যদিও এক বছর আগের তুলনায় এই পথে তেল পরিবহণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মতো বিকল্প পথ ব্যবহার করেও জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সরবরাহ পুরোপুরি বন্ধ না হওয়া এবং বিকল্প পরিবহণপথ চালু থাকায় বিশ্ববাজারে তেলের দাম বড় ধরনের উল্লম্ফনের মুখে পড়েনি।
তবে গত এক মাসে দাম ১৪ শতাংশ কমলেও যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফেরেনি তেলের বাজার। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর আগে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল প্রায় ৬৭ ডলার। বর্তমানে তা ৮৩ দশমিক ৬২ ডলার।
অর্থাৎ, সাম্প্রতিক সময়ে দাম কমলেও যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রতি ব্যারেল তেল এখনো প্রায় ১৬ ডলার বেশি দামে বিক্রি হচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা বিশ্ববাজারের জন্য বড় উদ্বেগ হয়ে রয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা
মতামত