সামরিক বাহিনী মিয়ানমারের সাগাইং অঞ্চলের মিয়াউং শহরে একটি বৌদ্ধ বিহারে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় উদ্ধারকর্মী ও বিরোধী যোদ্ধারা জানিয়েছেন নিহতরা সবাই বয়স্ক নাগরিক বলে।
বিহারটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বর্ষাবাস উপলক্ষে ধ্যানের আয়োজন চলছিল। এ সময় সেখানে জড়ো হওয়া লোকজনের ওপর বিমান হামলা চালানো হয়।
বিবিসি বলছে, দুই দফা বিমান হামলা চালানো হয় স্থাপনাটিতে বলে স্থানীয় এক উদ্ধারকর্মী বিবিসি বার্মিজকে জানিয়েছেন। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাগাইং অঞ্চলের মিয়াউং শহরে গত শুক্রবার হামলাটি চালানো হয়। মান্দালয় শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে এলাকাটি।
ওই বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বর্ষাবাস উপলক্ষে ধ্যানের আয়োজন করা হয়েছিল। সেখানে বেসামরিক লোকজন জড়ো হয়েছিলেন বলে জানা গেছে। তবে মিয়ানমারের সামরিক বাহিনী হামলার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।
গণতন্ত্রপন্থি বিদ্রোহী নুয়ে উ মিয়াউং এএফপিকে জানান, নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে পাঁচজন একই গ্রামের বাসিন্দা। বাকি ৯ জন পাশের একটি শহরের বাসিন্দা। নুয়ে উ মিয়াউং বলেন, ‘বয়স্ক লোকজন ধ্যানকেন্দ্রগুলোতে গিয়েছিলেন’। নিহতদের বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে বলেও জানান তিনি।
নাম প্রকাশ না করা আরেক বিরোধী যোদ্ধা জানান, হামলার পর জীবিতদের উদ্ধারে অংশ নিয়েছিলেন তিনি। তিনি বলেন, ‘আমরা যখন মানুষকে উদ্ধারের চেষ্টা করছিলাম, তখন বিমানটি আবার এসে দ্বিতীয় দফায় বোমা হামলা চালায়।’
মতামত