ভারতের রাজধানী নয়াদিল্লিতে তৈরি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর। ‘যুগে যুগীন ভারত মিউজিয়াম’ নামে এই জাদুঘরটি আয়তনের দিক থেকে প্যারিসের লুভর এবং লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামকেও ছাড়িয়ে যাবে।
ভারতের হাজার বছরের ইতিহাস, সভ্যতা, শিল্প, সংস্কৃতি ও জ্ঞানচর্চার নানা নিদর্শন এক জায়গায় তুলে ধরাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
গত ১১ নভেম্বর ২০২৬ সালে জাদুঘর নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রায় ৩ হাজার ২৩০ কোটি রুপি ব্যয়ে দিল্লির ঐতিহাসিক নর্থ ব্লক ও সাউথ ব্লক ভবনকে নতুনভাবে সাজিয়ে তৈরি করা হবে এই জাদুঘর।
প্রকল্পটির মোট নির্মিত এলাকা হবে প্রায় ১ লাখ ৭৮ হাজার ৫০৯ বর্গমিটার। ভারত সরকারের দাবি, প্রদর্শনীর জায়গার হিসাবে এটিই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর।
তুলনামূলকভাবে, প্যারিসের বিখ্যাত লুভর জাদুঘরের প্রদর্শনী এলাকা প্রায় ৭৩ হাজার বর্গমিটার। অন্যদিকে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের প্রদর্শনী এলাকা প্রায় ৭০ হাজার বর্গমিটার। ফলে নতুন এই জাদুঘর চালু হলে বিশ্বজুড়ে ভারতের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কী কী দেখা যাবে এই জাদুঘরে?
ভারতের সভ্যতার ধারাবাহিক ইতিহাস তুলে ধরতে তৈরি হবে একাধিক বিষয়ভিত্তিক গ্যালারি। স্থাপত্য ও নগরসভ্যতা, গণিত ও জ্যোতির্বিজ্ঞান, ভাষা ও লিপি, ধর্ম ও আধ্যাত্মিকতা, শিল্পকলা এবং বাণিজ্য ও ভাবনার আদানপ্রদানের মতো বিষয় জায়গা পাবে সেখানে। প্রথম গ্যালারিটি সাজানো হবে অলংকার ও সাজসজ্জার ইতিহাস নিয়ে। ২০২৭ সালের শেষ দিকে নর্থ ব্লকে এই গ্যালারি দর্শকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
জাদুঘরের জন্য ভারতের বিভিন্ন সংগ্রহশালা থেকে প্রায় ১৮ লক্ষ নিদর্শন চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় জাদুঘর, সংস্কৃতি মন্ত্রকের অধীন অন্যান্য সংগ্রহশালা, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ৫২টি জাদুঘর এবং বিভিন্ন রাজ্য ও বেসরকারি সংগ্রহের সামগ্রী। নিদর্শন সংরক্ষণ ও গবেষণার জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা।
প্রকল্পটি ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বছরে প্রায় এক কোটি দর্শনার্থীকে স্বাগত জানানোর মতো পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যও নেওয়া হয়েছে। ফলে দেশ-বিদেশের পর্যটকদের কাছে দিল্লির নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে এই জাদুঘর।
ঐতিহাসিক ভবনের নতুন পরিচয়
রাইসিনা হিলের নর্থ ব্লক ও সাউথ ব্লক দীর্ঘদিন ভারতের কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ দফতর হিসেবে ব্যবহৃত হয়েছে। সরকারি দফতরগুলি অন্যত্র সরিয়ে নেওয়ার পর ঐতিহ্যবাহী এই ভবন দুটিকে জাদুঘরে রূপান্তর করা হবে। তবে ভবনগুলির ঐতিহাসিক স্থাপত্যশৈলী অক্ষুণ্ণ রাখার কথা জানিয়েছে সরকার।
মতামত