নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন । মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় স্ট্রোক করেন তিনি। পরে তাঁকে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান এবং সেখানে তাঁর সহশিল্পী হিসেবে ছিলেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। মৃত্যুর কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ঘটনার বিবরণ তুলে ধরেন জয়।
জয় লেখেন, “একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম ‘নসিব’। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হলো। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় ওপরে উঠল। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল।”
প্রায় দুই দশক আগে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন সোহেল খান। এরপর ধারাবাহিক ও একক নাটকে নিয়মিত অভিনয় করেন। তাঁর অভিনয়জীবন গঠনে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বিশেষ ভূমিকার কথা একাধিকবার কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেছিলেন তিনি। সোহেল খানের ভাষ্য অনুযায়ী, ফারুকী তাঁকে নতুন চরিত্রে আবিষ্কার করেছিলেন এবং চরিত্রের প্রয়োজনে কঠোর প্রশিক্ষণ ও শাসনের মধ্য দিয়ে তৈরি করে নিয়েছিলেন—যা নিয়ে তাঁর কোনো আক্ষেপ ছিল না।
টলিভিশনের পাশাপাশি বড় পর্দাতেও একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন সোহেল খান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী!’ (২০২১) ও ‘শান’ (২০২২)।
‘প্রজাপতি’তে মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’-এ চেয়ারম্যান এবং ‘শান’-এ বাবুল চরিত্রে দর্শকের নজর কাড়েন তিনি। সর্বশেষ ২০২৫ সালের ঈদে মুক্তিপ্রাপ্ত শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমায় একটি গ্যারেজের মালিকের চরিত্রে অভিনয় করেন সোহেল খান।
মতামত