মোস্তফা সরয়ার ফারুকীর জনপ্রিয় ধারাবাহিক ‘৪২০’-এর মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান অভিনেতা সোহেল খান। অভিনয়ের নিজস্ব ধরন দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।
এরপর একের পর এক কাজের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন এই অভিনেতা। তবে তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। সোহেল খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে ফারুকী জানান, সোহেল খানের মৃত্যুর খবর তিনি মেনে নিতে পারছেন না।
পোস্টে তিনি লেখেন, জীবন আসলেই এমন। গতকালই ‘৪২০’ ধারাবাহিক থেকে সোহেল খানের একটি ফটোকার্ড শেয়ার করেছিলেন তিনি। অথচ আজ সকাল ১০টায় পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন এই অভিনেতা।
সোহেল খানের ফটোকার্ডটি মৃত্যুর আগের দিন হঠাৎ চোখে পড়ার বিষয়টিও ভাবাচ্ছে ফারুকীকে। সেই অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘কালকে হঠাৎ আমার চোখের সামনে ঐ কার্ডটা পড়লো কেনো? সোহেল খান কি কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, “আমি আছি”?’
‘৪২০’ ধারাবাহিকের মাধ্যমে সোহেল খানকে দর্শকের কাছে পৌঁছে দিয়েছিলেন ফারুকী।
মতামত