সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ডিজেলের নামে ইরান থেকে জেট ফুয়েল আনছে মিয়ানমার সরকার

ডিজেলের নামে ইরান থেকে জেট ফুয়েল আনছে মিয়ানমার সরকার

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে জাল কাগজপত্র ব্যবহার করে ইরান থেকে জেট ফুয়েল আনছে মিয়ানমার সরকার। তবে কাগজপত্রে এই জ্বালানি আমদানির কথা বলা হয়েছে ডিজেল হিসেবে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের অনুসন্ধান ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।২০২৫ সালের ডিসেম্বরে ‘রিফ’ নামের একটি ট্যাঙ্কার মিয়ানমারের জলসীমায় পৌঁছায়। জাহাজটিতে ছিল প্রায় ১ লাখ ১৩ হাজার ব্যারেল জ্বালানি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা এই জাহাজটি জ্বালানি নিয়ে মিয়ানমারে আসে।মিয়ানমারের জ্বালানি ব্রোকার প্রতিষ্ঠান ডাইনামিক ওয়েভ দাবি করে, দক্ষিণ আফ্রিকা থেকে ডিজেল আনা হয়েছে। এ জন্য থাইল্যান্ডের তাওয়ান-অয়েল ট্রেডিংয়ের সঙ্গে ১ কোটি ৫৮ লাখ ডলারের চুক্তিও করা হয়।তবে জাতিসংঘের বাণিজ্য তথ্য ও জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ভার্টেক্সার বিশ্লেষণে ভিন্ন তথ্য পাওয়া যায়। ওই সময়ে দক্ষিণ আফ্রিকা থেকে মিয়ানমারে জ্বালানি সরবরাহের কোনো তথ্য পাওয়া যায়নি।স্যাটেলাইট চিত্র ও সিনম্যাক্স ইন্টেলিজেন্সের জাহাজ ট্র্যাকিং তথ্যেও উঠে এসেছে, ট্যাঙ্কারটি আসলে ইরানের বন্দর আব্বাস থেকে জেট ফুয়েল নিয়ে মিয়ানমারে পৌঁছেছিল। অভ্যুত্থানবিরোধী আন্দোলন দমনে সাধারণ মানুষের ওপর বিমান হামলা চালানোর অভিযোগে ২০২৩ সালে মিয়ানমারের জেট ফুয়েল খাতের ওপর বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানি জ্বালানি কেনার ওপরও মার্কিন কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা এড়াতেই জালিয়াতির পথ বেছে নেয় মিয়ানমার সরকার। রয়টার্স ও অ্যাক্টিভিস্ট গ্রুপ জাস্টিস ফর মিয়ানমার-এর হস্তগত হওয়া নথিতে দেখা গেছে, জাহাজটি পৌঁছানোর কয়েক দিন আগেই মিয়ানমারের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ সংস্থা ডাইনামিক ওয়েভের ক্লায়েন্টকে চিঠি দিয়ে জানায় যে এই চালানটি ‘জেট ফুয়েলের পরিবর্তে ডিজেল’ হিসেবে নথিভুক্ত করা হবে। এই চালানের অর্থ পরিশোধের জন্য থাইল্যান্ডের প্রাচীনতম ব্যাংক সিয়াম কমার্শিয়াল ব্যাংক (এসসিবি)-এ রাখা তাওয়ানের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অনুমতি দেয় সংস্থাটি। যদিও জাতিসংঘ পূর্বে এই ব্যাংক ও তাওয়ান সংস্থাকে জান্তার কাছে অস্ত্র ও জ্বালানি সরবরাহের মাধ্যম হিসেবে চিহ্নিত করেছিল। এর আগেও ২০২৫ সালের মে মাসে একইভাবে নোবেল নামের একটি ট্যাঙ্কারের মাধ্যমে ২ লাখ ২ হাজার ব্যারেল ইরানি জেট ফুয়েল ডিজেল পরিচয়ে মিয়ানমারে আনা হয়েছিল। সে সময় জাহাজটি বাংলাদেশ সীমানার চট্টগ্রাম বন্দরকে গন্তব্য হিসেবে ভুয়া সংকেত (লোকেশন সিগন্যাল) দিয়েছিল বলে জানান বিশেষজ্ঞরা। রয়টার্স ও জাস্টিস ফর মিয়ানমার জান্তা সরকারের একটি অরক্ষিত সার্ভার থেকে এসব নথিপত্রের সত্যতা নিশ্চিত করেছে। ২০২১ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকে জান্তা বাহিনী বিমান হামলার মাধ্যমে হাজার হাজার বেসামরিক মানুষ হত্যা করেছে বলে জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তারা বেসামরিক ক্ষতি এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শন করে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে এত জটিলতার পথ অবলম্বন করতে হলেও ইরান থেকে জ্বালানি আসার ধারাবাহিকতা থামেনি। ফলে একদিকে ইরান মূল্যবান বৈদেশিক মুদ্রা পাচ্ছে, অন্যদিকে মিয়ানমার সরকার সামরিক বিমান হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা ধরে রাখছে।

বাংলাদেশে আসছে চীনের নৌবাহিনীর এসকর্ট টাস্ক গ্রুপ

দেশে ফেরার পথে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) নৌবাহিনীর ৪৮তম এসকর্ট টাস্ক গ্রুপ বাংলাদেশ, মিয়ানমার ও মালয়েশিয়া সফর করবে। এ তথ্য জানিয়েছেন চীনের সামরিক বাহিনীর এক মুখপাত্র। চীনের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন স্থানীয় সময় সোমবার সংবাদ সম্মেলনে বলেন, টাস্ক গ্রুপটি সম্প্রতি এডেন উপসাগরে তাদের দায়িত্ব শেষ করেছে। এরপর তারা চীনের উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করেছে। তিনি জানান, আসন্ন সফরগুলোতে পেশাগত মতবিনিময় এবং জাহাজ পরিদর্শনের জন্য উন্মুক্ত দিবসের আয়োজন করা হবে। তিনি আরও জানান, এসব কার্যক্রমের মাধ্যমে চীন ও সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও কৌশলগত পারস্পরিক আস্থা আরও জোরদার হবে। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অভিন্ন ভবিষ্যৎসমৃদ্ধ একটি সম্প্রদায় গড়ে তুলতেও এসব কার্যক্রম ভূমিকা রাখবে। উল্লেখ্য, ৪৮ তম এসকর্ট টাস্ক গ্রুপে রয়েছে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার তাংশান, গাইডেড-মিসাইল ফ্রিগেট দাচিং এবং সমন্বিত সরবরাহকারী জাহাজ তাইহু। টাস্ক গ্রুপটি ২০২৫ সালের ১১ অক্টোবর এডেন উপসাগর এবং সোমালিয়ার উপকূলীয় জলসীমায় এসকর্ট মিশনের জন্য যাত্রা শুরু করেছিল। চীনের পিএলএ নৌবাহিনী ২০০৮ সালের ডিসেম্বর থেকে এডেন উপসাগর এবং সোমালিয়ার উপকূলীয় জলসীমায় এসকর্ট মিশন পরিচালনা করে আসছে।

বাংলাদেশে আসছে চীনের নৌবাহিনীর এসকর্ট টাস্ক গ্রুপ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিশেষ দূতের বৈঠক

মিয়ানমারে ন্যাশনাল রিকন্সিলিয়েশন বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সোমবার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ দূত বলেন, প্রায় ৫০ বছর ধরে তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করছেন। মিয়ানমারে ন্যাশনাল রিকন্সিলিয়েশন বিষয়ে জাপান সরকারের বিশেষ দূত হিসেবে তার ভূমিকার কথাও তিনি প্রধানমন্ত্রীকে জানান। রোহিঙ্গা সঙ্কট বাংলাদেশের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে জাপানের বিশেষ দূত বলেন, এ পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত। রোহিঙ্গাদের সহায়তায় জাপান সরকারের বিভিন্ন অনুদান ও মানবিক সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান সাসাকাওয়াকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং তার দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কট বাংলাদেশের অন্যতম বড় সঙ্কট। এ সঙ্কট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, বাংলাদেশ এমনিতেই একটি জনবহুল দেশ। দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার কারণে দেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য জাপানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত। বিশেষ দূত বলেন, রোহিঙ্গা সঙ্কট নিয়ে তার সাথে মিয়ানমারের প্রেসিডেন্টের আলোচনা হয়েছে। মিয়ানমার সরকার এই সঙ্কটের সমাধানে আন্তরিক বলে তিনি মনে করেন। তবে তিনি উল্লেখ করেন, রাখাইন প্রদেশের বর্তমান জটিল পরিস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন অগ্রগতিতে সময় লাগছে। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করতে আগ্রহী। কারণ নিজ দেশে ফিরে গেলে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে জীবনযাত্রার মানোন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। বিশেষ দূত প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, তার অবস্থান থেকে রোহিঙ্গা সঙ্কট সমাধানে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। এসময় রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানে শুধু দ্বিপক্ষীয় প্রচেষ্টার ওপর নির্ভর না করে বহুপক্ষীয় উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী বিশেষ দূতকে বাংলাদেশে একটি ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র তৈরিতে সহযোগিতা করার আহ্বান জানান। বিশেষ দূত বিষয়টি নিয়ে আন্তরিকতার সাথে কাজ করবেন বলে জানান। এছাড়া বাংলাদেশ জাপানের বিনিয়োগ পেতে আগ্রহী এবং দেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে প্রধানমন্ত্রী বিশেষ দূতকে জানান। একইসাথে মিয়ানমারের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো উন্নত করার ক্ষেত্রেও বাংলাদেশের আগ্রহের কথা তিনি তুলে ধরেন। এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিশেষ দূতের বৈঠক

বিমান হামলায় মিয়ানমারে বৌদ্ধ বিহারে নিহত ১৪

সামরিক বাহিনী মিয়ানমারের সাগাইং অঞ্চলের মিয়াউং শহরে একটি বৌদ্ধ বিহারে বিমান হামলা চালিয়েছে।  এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।  স্থানীয় উদ্ধারকর্মী ও বিরোধী যোদ্ধারা জানিয়েছেন নিহতরা সবাই বয়স্ক নাগরিক বলে। বিহারটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বর্ষাবাস উপলক্ষে ধ্যানের আয়োজন চলছিল। এ সময় সেখানে জড়ো হওয়া লোকজনের ওপর বিমান হামলা চালানো হয়। বিবিসি বলছে, দুই দফা বিমান হামলা চালানো হয়  স্থাপনাটিতে বলে স্থানীয় এক উদ্ধারকর্মী বিবিসি বার্মিজকে জানিয়েছেন। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাগাইং অঞ্চলের মিয়াউং শহরে গত শুক্রবার হামলাটি চালানো হয়। মান্দালয় শহর থেকে  প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে এলাকাটি। ওই বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বর্ষাবাস উপলক্ষে ধ্যানের আয়োজন করা হয়েছিল। সেখানে বেসামরিক লোকজন জড়ো হয়েছিলেন বলে জানা গেছে। তবে মিয়ানমারের সামরিক বাহিনী হামলার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। গণতন্ত্রপন্থি বিদ্রোহী নুয়ে উ মিয়াউং এএফপিকে জানান, নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে পাঁচজন একই গ্রামের বাসিন্দা। বাকি ৯ জন পাশের একটি শহরের বাসিন্দা। নুয়ে উ মিয়াউং বলেন, ‘বয়স্ক লোকজন ধ্যানকেন্দ্রগুলোতে গিয়েছিলেন’। নিহতদের বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে বলেও জানান তিনি। নাম প্রকাশ না করা আরেক বিরোধী যোদ্ধা জানান, হামলার পর জীবিতদের উদ্ধারে অংশ নিয়েছিলেন তিনি। তিনি বলেন, ‘আমরা যখন মানুষকে উদ্ধারের চেষ্টা করছিলাম, তখন বিমানটি আবার এসে দ্বিতীয় দফায় বোমা হামলা চালায়।’

বিমান হামলায় মিয়ানমারে বৌদ্ধ বিহারে নিহত ১৪

রোহিঙ্গাদের ‘বাঙালি’ দাবিতে প্রত্যাখ্যান বাংলাদেশের

বাস্তুচ্যুত হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে ‘বাঙালি’ দাবি করে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন বিবৃতি দিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমা‌রের দা‌বি প্রত্যাখ্যান ক‌রে বল‌ছে, রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করা সঠিক নয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোর সঙ্গে মঙ্গলবার (১৮ আগস্ট) বৈঠক করে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক তৌফিক-উর-রহমান।বৈঠকে গত ১৫ আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত রোহিঙ্গা বিষয়ক বিবৃতির প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানমারের সর্বশেষ বিবৃতিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে ভুল পরিসংখ্যান ব্যবহার করা হয়েছে। শুধু ২০১৭ সালে বাংলাদেশে আসা রোহিঙ্গারাই নয়- এরপর ক্যাম্পে জন্ম নেয়া শিশু এবং রাখাইনে নতুন করে নির্যাতন-নিপীড়নের মুখে বাংলাদেশে আসা রোহিঙ্গাদেরও যাচাই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ঢাকা।বৈঠকে আরও বলা হয়,  ‘বাঙালি’ হিসেবে রোহিঙ্গাদের উল্লেখ করা সঠিক নয়। তারা নিজস্ব জাতিগত পরিচয়সম্পন্ন একটি জনগোষ্ঠী, যা মিয়ানমার কর্তৃপক্ষও সাম্প্রতিক সময় পর্যন্ত স্বীকার করে এসেছে।মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মো বাংলাদেশের উদ্বেগ ও পর্যবেক্ষণ নিজ সরকারের কাছে পৌঁছে দেয়ার আশ্বাস দেন। তিনি বলেন, যাচাই প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে গিয়ে যাচাইকৃত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর বিষয়ে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো রাখাইনে তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন নিশ্চিত করা।

রোহিঙ্গাদের ‘বাঙালি’ দাবিতে প্রত্যাখ্যান বাংলাদেশের

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের নতুন ঘোষণা

মিয়ানমারের জান্তা সরকার বলেছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখের বেশি রোহিঙ্গা রাখাইনের পুরোনো বাসিন্দা। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি ভালো হলে তাদের দেশে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রোহিঙ্গা সংকটের নয় বছর পূর্তির আগে এ ঘোষণা দিল মিয়ানমার। ২০১৭ সালে সেনাবাহিনীর অভিযানের পর ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। ওই অভিযানের বিরুদ্ধে গণহত্যা ও জাতিগত নিধনের অভিযোগ ওঠে।মিয়ানমার সরকার কখনোই রোহিঙ্গাদের নিজেদের দেশের নাগরিক হিসেবে মেনে নিতে চায় না। তারা উল্টো রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলে ডাকে। এর মাধ্যমে তারা দাবি করে যে এই মানুষগুলো আসলে বাংলাদেশের অধিবাসী এবং তারা বেআইনিভাবে মিয়ানমারে বসবাস করছিল।মিয়ানমার তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, জুলাই মাসের শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের কাছে ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার একটি তালিকা দিয়েছিল। এর মধ্যে তারা ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জনের তথ্য মিলিয়ে দেখেছে। আর এই যাচাই করা তথ্যের ভিত্তিতে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে তারা নিজেদের দেশের প্রাক্তন বাসিন্দা হিসেবে নিশ্চিত করেছে।

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের নতুন ঘোষণা
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream