দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হওয়ার পর তাকে অভিনন্দনে সিক্ত করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
ফলাফল ঘোষণার পরপরই মির্জা ফখরুলকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার পাশেই বসেছিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
এরপর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মির্জা ফখরুলকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান। পরে বিরোধী জোটের অন্যান্য সংসদ সদস্যরাও তার কাছে গিয়ে হাত মেলান ও কোলাকুলি করে শুভেচ্ছা জানান।
এ সময় রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানও মির্জা ফখরুলের সঙ্গে করমর্দন করেন। পরে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির কপালে চুমু দিয়ে তার জন্য দোয়া করেন। মুহূর্তটির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।
বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার ছিলেন, যার মধ্যে ভোট দেন ৩৪৩ জন।
নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।
আজ আনুষ্ঠানিক শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মতামত