নেত্রকোণার মদন পৌর শহরে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ মো. গোলাপ মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও দুই কারবারি পালিয়ে যায়। রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের দেওয়ান বাজার এলাকা পশ্চিম জাহাঙ্গীরপুরে অভিযান চালানো হয়। সোমবার (২ নভেম্বর) মদন থানা পুলিশের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়ছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাহাঙ্গীরপুর মিতালী রোড এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ভাড়াটিয়া গোলাপ মিয়ার বসতঘরের সামনে কয়েকজনকে অবৈধভাবে গাঁজা ক্রয়-বিক্রয় করতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তিনজন পালানোর চেষ্টা করেন। এ সময় গোলাপ মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে তার দুই সহযোগী পালিয়ে যায়।
গ্রেপ্তার গোলাপ মিয়া মদন পৌরসভার পশ্চিম জাহাঙ্গীরপুর মিতালী রোড এলাকার বাসিন্দা। সে মৃত শামছুদ্দিনের ছেলে।
পুলিশ আরও জানায়, গোলাপ মিয়ার নিকট থেকে সাদা কাগজে মোড়ানো ও প্লাস্টিকের ব্যাগে রাখা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। এ ছাড়া গাঁজা বিক্রির সাত হাজার টাকা জব্দ করা হয়েছে।
পলাতক দুজন হলেন—মো. সাজু মিয়া (৫২) ও ফারুক মিয়া (৩৮)। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মদন থানার ওসি সালাউদ্দিন করিম জানায়, গ্রেপ্তাকৃত গোলাপ মিয়া বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন নিয়মিত মামলা রুজু করা হয়েছে । সোমবার তাকে নেত্রকোণার আদালতে পাঠানো হয়েছে ।
মতামত