নেত্রকোণার কলমাকান্দা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপিসহ দুলাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যাঙকোনা গ্রামে তার বসতঘরে অভিযান চালিয়ে এসব রুপি জব্দ করা হয়।
আটক দুলাল মিয়া ব্যাঙকোনা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। তার বিরুদ্ধে কলমাকান্দা থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে দুলাল মিয়ার বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘর থেকে ভারতীয় ৫০০ রুপি ৮০৬টি নোট জব্দ করা হয়। জব্দ করা নোটগুলোর বাজার মূল্য ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি।
কলমাকান্দা থানার ওসি মো. সোহেল রানা জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে গ্রেপ্তার দেখিয়ে দুলাল মিয়াকে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।
মতামত