“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো. আনিচুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তৌহিদ আলম মান্না এবং নলছিটি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. শাহাদাৎ হোসেন মনু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক। সঞ্চালনা করেন প্রভাষক আমির হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সম্পৃক্ত করতে হবে।
তারা আরও বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দেশ গঠনে ইতিবাচক ভূমিকা পালনে উদ্বুদ্ধ করতে হবে। দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
বক্তারা বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে যুবকদের মধ্যে যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মতামত