সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি খালি পেটে বা ভারী খাবারের আগে অলিভ অয়েল বা জলপাই তেল খাওয়ার প্রচলন বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এর সপক্ষে নানা দাবির মধ্যে রয়েছে—এটি ত্বকের সুরক্ষা দেয়, বার্ধক্য প্রক্রিয়াকে মন্থর করে এবং সামগ্রিক শারীরিক সুস্থতা বজায় রাখে। তবে চিকিৎসাবিজ্ঞান ও পুষ্টি বিশেষজ্ঞদের মতে, এসব দাবির সপক্ষে যথেষ্ট ও জোরালো বৈজ্ঞানিক প্রমাণ এখনও বেশ সীমিত।
সম্প্রতি চিকিৎসা বিষয়ক খ্যাতিমান সাময়িকী ‘ডায়াবেটিস’-এ প্রকাশিত একটি গবেষণায় ভারী বা শর্করা জাতীয় খাবার গ্রহণের আগে অলিভ অয়েল খাওয়ার প্রভাব নিয়ে নতুন কিছু তথ্য উঠে এসেছে।
গবেষকরা একদল ইঁদুরকে গ্লুকোজ দেওয়ার ঠিক ১৫ মিনিট আগে অলিভ অয়েল খাওয়ান। এরপর এর ফলাফল তুলনা করা হয় অপর দুটি দলের সঙ্গে—যাদের একটি দলকে গ্লুকোজের আগে শুধু পানি এবং অন্য দলকে গ্লুকোজ গ্রহণের পরে অলিভ অয়েল দেওয়া হয়েছিল।
গবেষণায় দেখা যায়, যে ইঁদুরগুলো গ্লুকোজ গ্রহণের আগে অলিভ অয়েল খেয়েছিল, তাদের রক্তে শর্করার প্রাথমিক বৃদ্ধি কিছুটা কম হয়েছে।
গবেষকরা লক্ষ্য করেছেন যে, অলিভ অয়েল পাকস্থলী থেকে খাবার ক্ষুদ্রান্ত্রে যাওয়ার প্রক্রিয়াটিকে (Gastric Emptying) ধীরগতির করে দেয়। এমনকি টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত এবং তীব্র ইনসুলিন ঘাটতিযুক্ত ইঁদুরের ক্ষেত্রেও একই ধরনের ফলাফল পাওয়া গেছে।
অলিভ অয়েল খাওয়ার ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে অন্ত্রের বেশ কিছু হরমোন—যেমন গ্লুকাগন, জিআইপি (GIP) এবং জিএলপি-১ (GLP-1)-এর কার্যকারিতায় পরিবর্তন লক্ষ্য করা যায়।
জাপানের কিওটো বিশ্ববিদ্যালয়ের এক প্রধান গবেষকের মতে, অন্ত্রে পুষ্টি উপাদান পৌঁছানোর এই ধারাটি অন্ত্রের হরমোন ও স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করতে পারে, যা পরবর্তীতে গ্লুকোজ রক্তপ্রবাহে প্রবেশের গতিকে প্রভাবিত করে।
তবে গবেষকরা সতর্ক করে জানিয়েছেন যে, রক্তে শর্করার প্রাথমিক বৃদ্ধি ধীর হওয়া মানেই এই নয় যে শরীর সামগ্রিকভাবে কম গ্লুকোজ শোষণ করছে। তাই সামাজিক মাধ্যমে প্রচলিত অতি-উৎসাহী দাবিগুলোর ওপর অন্ধভাবে নির্ভর না করে বৈজ্ঞানিক তথ্য ও চিকিৎসকদের পরামর্শ মেনে চলা উচিত।
মতামত