দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার অর্থায়ন, সম্পাদক মাহমুদুর রহমানের ভূমিকা এবং পত্রিকাটির সংবাদ প্রকাশের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মো. রাশেদ খাঁন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাস ও ভিডিও বার্তায় তিনি দাবি করেন, সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তাঁকে জড়িয়ে প্রকাশিত খবরটি সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের ভুল তথ্যের প্রতিবাদ জানাতেই তিনি পত্রিকাটি ছিঁড়ে ফেলেছেন বলে জানান।
তবে প্রকাশ্যে পত্রিকা ছিঁড়ে প্রতিবাদ জানানোর ঘটনায় সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় দৈনিক ‘আমার দেশ’-এ তাঁর বক্তব্য প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান।
তিনি আরও দাবি করেন, অনুসন্ধানে তিনি জানতে পেরেছেন যে ‘আমার দেশ’ পরিচালিত হচ্ছে ‘আওয়ামী লীগের এক পদধারী নেতা, বড় ব্যবসায়ী ও ডামি এমপির কোম্পানির ফান্ডিংয়ে’।
রাশেদ খাঁন লেখেন, ‘আমি শুরুতে অবাক হয়ে মাহমুদুর রহমানের হোয়াটসঅ্যাপে ছবি ও তথ্যপ্রমাণ পাঠাই। তিনি বিষয়টি এড়িয়ে যান। আমি বারংবার টেক্সট করে তথ্যপ্রমাণ পাঠিয়েছি, কিন্তু তিনি বিষয়টি পুরোপুরি এড়িয়ে যান এবং আমার কল রিসিভ করাও বন্ধ করে দেন।’
তাঁর ভাষ্য অনুযায়ী, পত্রিকাটির একজন দায়িত্বশীল ব্যক্তি তাঁকে জানান যে ‘পত্রিকা চালানোর স্বার্থে’ বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে।
পত্রিকাটি ছিঁড়ে ফেলার বিষয়ে ব্যাখ্যা দিয়ে রাশেদ খাঁন বলেন, ‘আমি একটি মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়েছি। হাসিনাপুত্রের (সজীব ওয়াজেদ জয়) সঙ্গে আমি এক হয়েছি মর্মে “আমার দেশ” পত্রিকা যে মিথ্যাচার করেছে, আমি সেই অসত্যকে ছিঁড়ে ফেলেছি।’
তিনি আরও বলেন, তিনি কোনো লাইভ ভিডিওতে এটি করেননি, বরং একটি আনুষ্ঠানিক ভিডিও বার্তার মাধ্যমে নিজের প্রতিবাদ পৌঁছে দিয়েছেন।
তাঁর দাবি, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের যে অভিযোগ উঠেছে, তা থেকে নজর সরাতেই পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যুক্ত থাকার অপতথ্য প্রচার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সহকারী পদে থেকে একজন দায়িত্বশীল ব্যক্তির পত্রিকা ছিঁড়ে ফেলার এই ঘটনাকে ভালোভাবে নেননি অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা তাঁর এই ধরনের আচরণের তীব্র বিরোধিতা ও সমালোচনা করেছেন।
তবে অভিযোগের বিষয়ে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা কর্তৃপক্ষ বা সম্পাদক মাহমুদুর রহমানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মতামত