জনগণের ভোটের রায় উপেক্ষা করে সরকার জনগণের ঘাড়ে স্বৈরশাসন চাপিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, জনগণ ভোট দিয়েছে, কিন্তু সরকার সেই রায় মানছে না। জনগণকে অপমান করছে। তাদের সঙ্গে প্রতারণা, ধোঁকাবাজি ও মিথ্যাচার করছে। আমরা এসব মেনে নেব না।
শনিবার (৩১ অক্টোবর) সকালে গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাত দফা দাবি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা কথা দিচ্ছি, জনগণ আমাদের সঙ্গে থাকলে এই সাত দফা দাবি বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। সাত দফার প্রথম দাবি হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন।
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, আমরা মানব না, এই জাতিও মানবে না। যে জাতি খালি হাতে বুক পেতে গুলি সহ্য করেছে, সেই জাতি কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। আপনারা দৃঢ় থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। জনগণের দাবি আদায় হবেই, ইনশাআল্লাহ। এ সময় তিনি সাত দফা দাবি আদায়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।
উল্লেখ্য, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধ করা। এসব দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্য।
মতামত