রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর বিস্ময় ও মর্মাহত প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এই মৃত্যুর নেপথ্যে প্রকৃত কী ঘটেছিল, তা পুঙ্খানুপুঙ্খভাবে জাতির সামনে স্পষ্ট করার জোরালো দাবি জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার (২৯ অক্টোবর ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই দাবি জানান বিরোধীদলীয় চিফ হুইপ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই শোকবার্তায় নাহিদ ইসলাম লেখেন:“নিখোঁজের এক দিন পর বুধবার ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ঘটনায় আমি বিস্মিত ও গভীরভাবে মর্মাহত। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে মহান আল্লাহ তাঁদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।”
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, একজন সাবেক সামরিক কর্মকর্তার এ ধরনের রহস্যজনক মৃত্যুর ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। তাই সাউরির সঙ্গে ঠিক কী ঘটেছিল এবং তাঁর মৃত্যুর প্রকৃত কারণ কী—তা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতির সামনে পরিষ্কার করার জন্য সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী ও তদন্তকারী সংস্থার প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে রাজধানীর তুরাগ নদ থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ। পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করে নৌপুলিশ। বর্তমানে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মতামত