শ্রীলঙ্কার পর এবার পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারল ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে গতকাল ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচে ইংলিশদের ৮৭ রানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ের ফলে ওয়ানডে র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে দলটির। পাকিস্তানের কাছে পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে উঠে এসেছে পাকিস্তান। দলটির বর্তমান রেটিং পয়েন্ট ১০৩। অন্যদিকে, এক ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে নেমে গেছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট ১০২। ৮২ পয়েন্ট নিয়ে আগের মতোই নবম স্থানে রয়েছে বাংলাদেশ।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে পাকিস্তান ও অস্ট্রেলিয়া ছাড়া অন্য কোনো দলের অবস্থানের পরিবর্তন হয়নি। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। ১০৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড এবং ১০৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের ওপরে অষ্টম স্থানে রয়েছে আফগানিস্তান, যাদের রেটিং পয়েন্ট ৯২। আর বাংলাদেশের নিচে দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৯।
আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশের শুধু জিতলেই হচ্ছে না। মাথায় রাখতে হচ্ছে নেট রানরেটের ব্যাপারও।
শ্রীলঙ্কা-ইংল্যান্ড দুই দলের বিপক্ষেই টস হেরে আগে ব্যাটিং করে পাকিস্তান ৩০০-এর বেশি রান করেছে। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ৩০৫ রান করে পাকিস্তান পেয়েছে ৩৭ রানের জয়। গতকাল পাকিস্তানের দেওয়া ৩০৩ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড ৩৮.৪ ওভারে ২১৫ রানে গুটিয়ে গেছে। ৮৭ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন আরাফাত মিনহাস। সাত নম্বরে নেমে ৫৮ বলে ৯ চারে করেছেন ৫৯ রান। বোলিংয়ে ৮.৪ ওভারে ৪০ রানে নিয়েছেন ৬ উইকেট।
অনবদ্য পারফরম্যান্সে শহীদ আফ্রিদি-আবদুল রাজ্জাকের রেকর্ডে ভাগ বসিয়েছেন মিনহাস। পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে একই মাঠে ফিফটি, ৫ উইকেট নেওয়ার ডাবলের কীর্তি গতকাল গড়েছেন মিনহাস। আফ্রিদি এই কীর্তি গড়েছেন তিনবার। পাকিস্তানি অলরাউন্ডারের এমন কীর্তি বিশ্ব ক্রিকেটেই প্রথম।
মতামত