২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের সম্ভাব্য দাবিদার হিসেবে হ্যারি কেইনকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে বায়ার্ন মিউনিখের একটি রহস্যময় সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। তবে ইংলিশ এই স্ট্রাইকারই যে এবারের ব্যালন ডি’অর জিতছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
কালো স্যুট পরা কেইনের একটি ছবি প্রকাশ করে বায়ার্ন মিউনিখ লিখেছে, ‘ইটস অলমোস্ট শোটাইম’। অর্থাৎ, মূল মুহূর্তের অপেক্ষা প্রায় শেষ। আগামী ২৬ অক্টোবর লন্ডনের প্যালাডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠান। ক্লাবটির এই পোস্টের পর সমর্থকদের মধ্যে কেইনের পুরস্কার জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।
গত মৌসুমে বায়ার্নের জার্সিতে দুর্দান্ত ছন্দে ছিলেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোলসংখ্যা ৬১। তাঁর অসাধারণ পারফরম্যান্সে বুন্দেসলিগা ও জার্মান কাপ জেতে বায়ার্ন। এ ছাড়া ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৭৩টি গোল করেছেন এই ইংলিশ তারকা। তাঁর এমন পারফরম্যান্সই ব্যালন ডি’অর জয়ের আলোচনায় তাঁকে এগিয়ে রেখেছে।
কেইন এবার ব্যালন ডি’অর জিতলে মাইকেল ওয়েনের পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার জয়ের কৃতিত্ব অর্জন করবেন। তবে বায়ার্নের রহস্যময় পোস্টটি পুরস্কার জয়ের নিশ্চিত ইঙ্গিত কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
মতামত