“দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৫ অক্টোবর ২০২৬ বান্দরবান পার্বত্য জেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বান্দরবান পার্বত্য জেলার যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষ্যে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী সেবাগ্রহীতাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাদাছড়ি শুধু একটি লাঠি নয়, এটি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে চলাচলের প্রতীক ও নিরাপত্তার হাতিয়ার। দৃষ্টি প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
পরে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সাদাছড়ি বিতরণ করা হয়।
মতামত