নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা চরাঞ্চলের মানুষের নিরাপত্তা এবং কৃষকদের জীবিকা সুরক্ষায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামে একটি বহুমুখী নিরাপদ আশ্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি বিনামূল্যে উন্নত জাতের ও জলবায়ু-সহনশীল ফসলের বীজ পেয়েছেন ৪০০ প্রান্তিক কৃষক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) বাস্তবায়নে এবং এডব্লিউও ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আশ্রয়কেন্দ্রটি উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মনিরুজ্জামান। গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
জেলা প্রশাসক বলেন, চরাঞ্চলের মানুষকে দুর্যোগের সময় নিরাপদ আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বহুমুখী আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং জলবায়ু-সহনশীল ফসলের বীজ বিতরণ এ অঞ্চলের মানুষের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
আয়োজক সূত্রে জানা যায়, স্থানীয় চারজন ব্যক্তির দান করা ২৭ শতক জমিতে ২৩ লাখ ৩২ হাজার ৮৩৬ টাকা ব্যয়ে রতনপুর বহুমুখী নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। একই প্রকল্পের আওতায় উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া এবং কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর ও মানিককোড় গ্রামেও আরও তিনটি নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে চরাঞ্চলের ৪০০ প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে উচ্চফলনশীল ও জলবায়ু-সহনশীল ফসলের বীজ তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টদের আশা, এসব বীজের ব্যবহার কৃষকদের উৎপাদন বাড়াতে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়তা করবে।
দুর্যোগপ্রবণ চরাঞ্চলে নিরাপদ আশ্রয়ের সুযোগ সম্প্রসারণ ও কৃষকদের সহায়তা দেওয়ার এ উদ্যোগ স্থানীয় মানুষের ঝুঁকি কমানোর পাশাপাশি জীবিকা সুরক্ষায় ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
মতামত