জয়পুরহাট সদর উপজেলার করায় ফ্যাক্টরির মোড়ে মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষে বিকাশ চন্দ্র (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত বিকাশ চন্দ্র বগুড়ার গাবতলী উপজেলার শুকানপুকুর এলাকার তেলিহাটা গ্রামের বাবলু চন্দ্রের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ চন্দ্র দীর্ঘদিন ধরে জয়পুরহাট সদর দাদরা এলাকায় তাঁর বোনের বাড়িতে বসবাস করতেন। তিনি জয়পুরহাট সদর উপজেলায় তাঁর ভগ্নিপতির দোকানে দায়িত্ব পালন করতেন। বৃহস্পতিবার দুপুরে খাওয়াদাওয়া শেষে বোনের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ভগ্নিপতির দোকানে যাওয়ার পথে করায় ফ্যাক্টরির মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম বলেন, মোটরসাইকেলটি অটোভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ভ্যানের ওপর উঠে যায়। এ সময় বিকাশ চন্দ্র গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মতামত