ডেঙ্গু রোগের আধুনিক চিকিৎসা, সঠিক সময়ে রোগ নির্ণয় এবং রোগীর যথাযথ পরিচর্যা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে ‘আপডেট ম্যানেজমেন্ট অব ডেঙ্গু সিনড্রোম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে হাসপাতালের মেডিসিন ও শিশু বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে ডেঙ্গু রোগের আধুনিক চিকিৎসাপদ্ধতি, রোগ ব্যবস্থাপনা ও রোগীর পরিচর্যার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি চিকিৎসাসেবার মানোন্নয়নে নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন তাঁরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মুহাম্মদ মুসলিম, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের অতিরিক্ত ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, বিপিএম-সেবা, পুলিশ সুপার মো. হুমায়ুন কবির এবং সুপারিনটেনডেন্ট ডা. এ বি এম খোরশেদ আলম ভূঞা (জুয়েল)।
সেমিনারে বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. জাহিদ আমিন এবং শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. লুৎফর রহমান। আলোচক হিসেবে অংশ নেন সিনিয়র কনসালট্যান্ট (পেডিয়াট্রিকস) ডা. সাবিরা রহমান ও সিনিয়র কনসালট্যান্ট (আইসিইউ) ডা. রবিউল হালিমসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
সেমিনারে ডেঙ্গু রোগীদের আধুনিক চিকিৎসা ও যথাযথ পরিচর্যার মাধ্যমে চিকিৎসাসেবার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
মতামত