চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন এবং ঢাক-কাঁসা ও শঙ্খের ধ্বনির মধ্য দিয়ে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উদযাপিত হয়েছে পবিত্র মহালয়া। এর মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ঘটেছে এবং শুরু হয়েছে দেবীপক্ষ। একইসঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার অপেক্ষার ক্ষণগণনাও শুরু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ভোরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি অনুষ্ঠানে অংশ নেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এদিন চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আগমনের আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ এবং তাঁদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন ধর্মাবলম্বীরা।
পূজা কমিটির তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পঞ্জিকা অনুসারে, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারের দুর্গোৎসব।
মহালয়ার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধেসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মতামত