আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে বিএনপির নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে সাভার নামাবাজারের পঞ্চবটি আশ্রমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভার পৌর এলাকার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের প্রতিনিধিদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দুর্গাপূজাকে ঘিরে মানুষের মনে নানা ধরনের উদ্বেগ ও শঙ্কা থাকতে পারে। তবে এসব আশঙ্কা যাতে কোনোভাবেই বাস্তবে পরিণত না হয়, সে বিষয়ে বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। পূজা উদযাপনের সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্ভয়ে উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
শহীদ মজনু ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাভার পৌরসভার মেয়র প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম। এতে প্রধান বক্তা ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মো. আশরাফ উদ্দিন খান, শহীদ মজনু ফাউন্ডেশনের মহাসচিব নাজমুল হাসান অভি এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালসহ অন্যরা।
আলোচনা সভা শেষে বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী মানুষ এবং সাভার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত