দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দামে প্রতি ভরি স্বর্ণের মূল্য সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বেড়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) থেকে এ মূল্য কার্যকর হয়েছে। সে অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) দেশের বাজারে নতুন দামে স্বর্ণ কেনাবেচা হচ্ছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, যা আগের তুলনায় ২ হাজার ৯৯ টাকা বেশি।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা, যা আগের চেয়ে ১ হাজার ৪৫৮ টাকা বেশি। এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
এর আগে গত ৫ অক্টোবর স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে ২১ ক্যারেটের দাম কমে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা করা হয়েছিল।
এর ফলে দাম কমানোর মাত্র চার দিনের ব্যবধানে আবারও স্বর্ণের মূল্য বাড়াল বাজুস। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের বাজারে এই নির্ধারিত দামেই বিক্রি হবে স্বর্ণ।
মতামত