হরমুজ প্রণালি চালু করতে ইরানের দেওয়া ‘সাত দিনের পরিকল্পনা’ নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব পর্যালোচনা করছে তেহরান। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে নিজেদের অবস্থান জানাবে ইরান। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে। পাশাপাশি আলোচনা প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।
ইরানের প্রস্তাব অনুযায়ী, প্রথম চার থেকে পাঁচ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রকে সম্মত পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে হবে। এরপর ষষ্ঠ দিনে হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল শুরু হতে পারে। সপ্তম দিনে দুই দেশের মধ্যে একটি বিস্তৃত চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর পরিকল্পনা রয়েছে।
ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে শত্রুতা বন্ধ, অবরুদ্ধ ইরানি সম্পদ মুক্ত করা, তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে ওয়াশিংটনের ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে। আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা চালানো হবে না বলেও জানিয়েছেন তিনি।
তবে ইরানের ওপর মার্কিন সামুদ্রিক অবরোধ এখনো বহাল রয়েছে। পাশাপাশি ইরানের তেল পরিবহন নেটওয়ার্ককে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞাও জারি করেছে যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে সমঝোতা কতটা সম্ভব হবে, তা নির্ভর করছে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল, নিষেধাজ্ঞা, নিরাপত্তা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্য দূর করার ওপর।
মতামত