ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক আর্চবিশপ পল রিচার্ড গ্যালাহার প্রথমবারের মতো পাকিস্তান সফর শুরু করেছেন। তিনি দেশটির রাজধানী ইসলামাবাদে বৃহস্পতিবার (৮ অক্টোবর) পৌঁছান। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ এশিয়ার দেশটিতে ভ্যাটিকান সিটির কোনো শীর্ষ কূটনীতিকের এটিই প্রথম সফর। খবর আনাদোলু এজেন্সির।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্যালাহার হলি সির (ভ্যাটিকান) রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সম্পর্কবিষয়ক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
আগামী শনিবার পর্যন্ত চলা এই সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করবেন গ্যালাহার। বৈঠকে আন্তধর্মীয় সম্প্রীতি, সংলাপ ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ এবং দেশটির ক্যাথলিক সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে ভ্যাটিকানের এই শীর্ষ কূটনীতিকের।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্যালাহারের এই সফর পাকিস্তান ও হলি সির দীর্ঘদিনের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে দুই পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা ও আস্থা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আন্তধর্মীয় সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় উভয় পক্ষের যৌথ অঙ্গীকারও প্রতিফলিত হবে।
মতামত