দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের পদ স্থগিত করেছে জেলা বিএনপি।
বুধবার (৭ অক্টোবর) জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠি অনুযায়ী, ৭ অক্টোবর থেকেই পদ স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
তবে কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাদের পদ স্থগিত করা হয়েছে, তা চিঠিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি। জেলা বিএনপি জানিয়েছে, দলের ভাবমূর্তি ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে আদালতে বিচারাধীন একটি জমি বিরোধ নিয়ে দলীয় কার্যালয়ে সালিশের নোটিশ দেওয়ার অভিযোগে মতিউর রহমানকে গত ৩ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা বিএনপি। এ বিষয়ে মতিউর রহমান বলেন, দুই পক্ষকে নিয়ে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া তার ভুল ছিল। তিনি নোটিশের জবাবও দিয়েছেন। পদ স্থগিতের সিদ্ধান্তকে দলের সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে মেনে নিয়েছেন বলেও জানান তিনি।
অন্যদিকে, হাফিজুর রহমানের বিরুদ্ধে সম্প্রতি ১২ বছরের এক শিশু ও তার মাকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হয়। তবে অভিযোগ অস্বীকার করে চুন্নু দাবি করেন, শিশুটি চুরির সঙ্গে জড়িত ছিল।
পদ স্থগিতের বিষয়ে হাফিজুর রহমান বলেন, দলের উচ্চপর্যায়ের নেতারা দলের স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে তার কোনো বক্তব্য নেই। তিনি বিএনপির সঙ্গে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, সাংগঠনিক শৃঙ্খলা নিশ্চিত ও দলের ভাবমূর্তি রক্ষায় পটুয়াখালী জেলা বিএনপি কঠোর অবস্থানে রয়েছে। দলের শৃঙ্খলা, নীতি ও আদর্শের পরিপন্থি কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, সে যত বড় নেতাই হোক না কেন।
মতামত