জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওতে দেখানো ঘটনার সঙ্গে বাস্তবতার মিল নেই বলে নাসীরুদ্দীনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাতে দেওয়া ওই পোস্টে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগানোর কোনো ঘটনা ঘটেনি। বাস্তবে এমন ঘটনা না ঘটলেও ভিডিওটি কেন তৈরি বা ছড়িয়ে দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
পোস্টে আরও দাবি করা হয়, এর আগেও নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে তার ওপর হামলার পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর তার ওপর পাঁচবার হামলার ঘটনা ঘটেছে বলেও পোস্টে উল্লেখ করা হয়। এসব ঘটনায় দৃশ্যমান বিচারিক উদ্যোগ নেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে।
ফেসবুক পোস্টে প্রশ্ন তোলা হয়, এবার ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডের ভিডিওটিও কি একই ধরনের কোনো ধারাবাহিক প্রচেষ্টার অংশ? রাজনৈতিক প্রতিহিংসা কিংবা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অংশ হিসেবে ভিডিওটি ছড়ানো হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানানো হয়।
চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর অবস্থানের কারণেই তার বিরুদ্ধে বারবার এমন প্রচারণা চালানো হচ্ছে কি না, সে প্রশ্নও তোলা হয়েছে। তার বিরুদ্ধে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে প্রচারণা চালাচ্ছে কি না, তা তদন্তের প্রয়োজন রয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে ছড়ানো বিভিন্ন ন্যারেটিভ, তার ওপর সংঘটিত হামলা এবং সর্বশেষ বাস্তবে না ঘটা অগ্নিকাণ্ডের ভিডিও প্রচারের ঘটনাগুলো তদন্ত করা প্রয়োজন। প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
মতামত