মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে মণিপুরি সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ঐতিহ্যবাহী মহারাসলীলা। এ বছর উপজেলার মাধবপুরে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৪তম মহারাস উৎসব এবং আদমপুরে মৈতৈ মণিপুরি সম্প্রদায়ের ৪১তম রাসপূর্ণিমা উৎসব উদযাপিত হবে। উৎসবকে ঘিরে মণিপুরি অধ্যুষিত গ্রামগুলোতে এখন উৎসবের আমেজ। চলছে নৃত্যের মহড়া,মণ্ডপ সাজসজ্জা ও অতিথি-দর্শনার্থীদের বরণ করার শেষ মুহূর্তের প্রস্তুতি।
কার্তিকী পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এ উৎসবকে কেন্দ্র করে মাধবপুর,আদমপুর, মাঝেরগাঁও,বাঘবাড়িসহ বিভিন্ন এলাকার মণিপুরি পল্লিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পী,প্রশিক্ষক ও আয়োজকেরা। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণীরা অনুশীলন করছেন ঐতিহ্যবাহী রাখালনৃত্য ও রাসনৃত্য। কোথাও মৃদঙ্গ,কোথাও করতাল ও বাঁশির সুরে মুখর হয়ে উঠছে মহড়ার স্থান।
আয়োজক সূত্রে জানা গেছে,মাধবপুরে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে দুই দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে ২৩ নভেম্বর। এদিন স্মারকগ্রন্থ প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরদিন ২৪ নভেম্বর সকাল থেকে শুরু হবে মূল আয়োজন। শিববাড়ি ও জোড়া মণ্ডপে সকাল সাড়ে ১১টা থেকে পরিবেশিত হবে গোষ্ঠলীলা বা রাখালনৃত্য। এতে শিশু শিল্পীরা শ্রীকৃষ্ণ ও তাঁর রাখাল বন্ধুদের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে শৈশবের লীলাখেলা তুলে ধরবে। দিনভর চলবে এ পরিবেশনা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পর রাত ১১টায় জোড়া মণ্ডপে শুরু হবে উৎসবের প্রধান আকর্ষণ মহারাসনৃত্য। রাধা,কৃষ্ণ ও গোপীদের দিব্য প্রেমলীলা নৃত্য ও সংগীতের মাধ্যমে তুলে ধরবেন শিল্পীরা। এ পরিবেশনা চলবে ভোর পর্যন্ত।
মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহ স্বপন জানান,এবারের উৎসবের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সঙ্গে নিরাপত্তাবিষয়ক আলোচনা হয়েছে। তিনি জানান, মাধবপুরের তিনটি পৃথক মণ্ডপে রাসলীলা পরিবেশিত হবে।
সংঘের সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার সিংহ বলেন,মহারাস উৎসব উপলক্ষে নৃত্যগুরু ও অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে কিশোর-কিশোরীরা প্রশিক্ষণ নিচ্ছে। নতুন প্রজন্মের কাছে মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অন্যদিকে,আদমপুরের মণিপুরি কালচারাল কমপ্লেক্স ও তেতইগাঁও সানাঠাকুর মণ্ডপে মৈতৈ মণিপুরি সম্প্রদায়ের ৪১তম রাসপূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হবে। সেখানেও পৃথকভাবে রাসনৃত্য,ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে। উৎসবকে সামনে রেখে আদমপুরসহ আশপাশের গ্রামগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
মহারাসের প্রস্তুতিতে অংশ নেওয়া শিল্পী মৌসুমী সিনহা বলেন,ছোটবেলা থেকেই মণিপুরি নৃত্যের সঙ্গে তাঁর পরিচয়। মহারাস তাঁদের সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। এটি শুধু নিজস্ব সংস্কৃতি তুলে ধরার আয়োজন নয়,বরং নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য পৌঁছে দেওয়ারও একটি মাধ্যম।
নৃত্য প্রশিক্ষক (রাসধারী) অনীরা সিনহা জানান,শিশু-কিশোরদের নিয়ে সাধারণত এক মাস আগে থেকেই মহারাসের প্রস্তুতি শুরু হয়। নতুন ও অভিজ্ঞ দুই ধরনের শিল্পীই মহড়ায় অংশ নিচ্ছেন। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে অনুশীলন। এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি।
উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর দেশ-বিদেশের পর্যটক,গবেষক,সংস্কৃতিপ্রেমীসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমাগম ঘটে। মণ্ডপের পাশাপাশি বসে গ্রামীণ মেলা। ফলে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি উৎসবটি হয়ে ওঠে সম্প্রীতি ও সাংস্কৃতিক বিনিময়ের এক মিলনমেলা।
মণিপুরি সংস্কৃতি গবেষকদের তথ্যমতে, মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র মহারাসলীলার প্রচলন করেন। পরবর্তী সময়ে মণিপুরের বাইরে ১৮৪২ সালে কমলগঞ্জের মাধবপুরে প্রথম মহারাস উৎসব উদযাপিত হয়। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে এ অঞ্চলে উৎসবটি পালিত হয়ে আসছে। শ্রীকৃষ্ণ, রাধা ও গোপীদের দিব্য প্রেমলীলা এ নৃত্যধারার মূল উপজীব্য। ঐতিহ্যবাহী পোশাক,সুনিপুণ নৃত্যভঙ্গি,সংগীত ও ভক্তির সমন্বয়ে পরিবেশিত হয় মহারাসলীলা।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন,উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার জানান,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।
প্রজন্ম থেকে প্রজন্মে লালিত মণিপুরি সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী মহারাসলীলা শুধু একটি ধর্মীয় উৎসব নয়,এটি বাংলাদেশের বহুজাতিক সংস্কৃতি,ঐতিহ্য ও অসাম্প্রদায়িক সম্প্রীতিরও এক অনন্য নিদর্শন। পূর্ণিমার আলোয় নৃত্য,সুর ও ভক্তির আবহে আবারও মুখর হয়ে উঠবে কমলগঞ্জের মণিপুরি পল্লিগুলো।
মতামত