আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করায় আইনজীবী শিশির মনিরকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাশেদ খাঁন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান।
রাশেদ খাঁনের অভিযোগ, একদিকে জামায়াত-শিবির আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ করেছে, অন্যদিকে শিশির মনিরকে ওই মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে কাজ করার সুযোগ দিয়েছে। তার মতে, এ অবস্থান পরস্পরবিরোধী।
তিনি বলেন, আবরার হত্যার প্রতিবাদে বিভিন্ন সংগঠন মাঠে কর্মসূচি পালন করেছে। শিবির ও এনসিপিও কর্মসূচি করেছে। কিন্তু একই সময়ে আবরার হত্যা মামলায় আসামিদের পক্ষে শিশির মনির আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দাবি, শিশির মনির জামায়াতের আইনজীবী ছিলেন এবং একই সঙ্গে দলটির এমপি প্রার্থীও ছিলেন।
রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, জামায়াতের আইনজীবী হিসেবে শিশির মনির যখন আবরার হত্যা মামলার আসামিদের পক্ষে দাঁড়িয়েছেন, তখন শিবির কীভাবে ওই হত্যার প্রতিবাদে রাজপথে কর্মসূচি পালন করে।
এ ছাড়া জুলাইয়ের আন্দোলনের সময় শিশির মনিরদের রাজপথে দেখা যায়নি বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন। ওই সময়ের আন্দোলনের পক্ষে শিশির মনিরের সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট ছিল কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।
মতামত