সাম্প্রদায়িক সম্প্রীতি, নাগরিক অধিকার ও নিরাপদ সমাজ গড়ার প্রত্যয়ে গাইবান্ধায় মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা। সংগঠনটির আন্দোলন উপ-পরিষদের উদ্যোগে বিকেলে পৌরপার্ক রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর”—এই আহ্বানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে মহিলা পরিষদের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম কিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, আন্দোলন সম্পাদক লুনা ইসলাম, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন, পরিবেশ ও জলবায়ু সম্পাদক বিথি বেগমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ধর্ম, বর্ণ, লিঙ্গ, মত ও পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার মাধ্যমে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।
তারা আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উসকানিমূলক কর্মকাণ্ড যেন সামাজিক বিভাজন সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে নাগরিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর ভূমিকা এবং অপরাধের ক্ষেত্রে যথাযথ জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
মানববন্ধন থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জনসচেতনতা বাড়ানো, বিদ্বেষ ও বৈষম্য প্রতিরোধ এবং সকল ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের মানুষের জানমাল, উপাসনালয় ও সাংস্কৃতিক অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
মতামত