চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ দলটির কয়েকজন সাবেক মন্ত্রী ও নেতার বিরুদ্ধে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
তিনি জানান, দীর্ঘ তদন্তের পর আওয়ামী লীগ সরকারের সাবেক কয়েকজন এমপি ও মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগও প্রস্তুত করা হয়েছে।
গাজী এমএইচ তামিম বলেন, চিফ প্রসিকিউটরের অনুমোদন পাওয়ার পর এসব অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। বর্তমানে চিফ প্রসিকিউটর ছুটিতে রয়েছেন। তিনি ফিরে এলে অথবা তার অনুমতি পাওয়া গেলে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রক্রিয়া শুরু হবে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, প্রস্তুত করা আনুষ্ঠানিক অভিযোগের তালিকায় আমির হোসেন আমু ছাড়াও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনির নাম রয়েছে। এ তালিকায় আরও কয়েকজন সাবেক মন্ত্রী ও নেতার নাম রয়েছে বলে জানানো হয়েছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, তালিকায় থাকা বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও নেতা বর্তমানে কারাগারে রয়েছেন।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলা চলছে। এসব মামলার তদন্ত শেষ করে ধাপে ধাপে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হচ্ছে।
মতামত