জয়পুরহাটের আক্কেলপুরে রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে অব্যবস্থাপনা, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এবং খাবার বিতরণ নিয়ে বৈষম্যের অভিযোগ উঠেছে। একই সঙ্গে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে শাখা ব্যবস্থাপকের অশোভন আচরণের অভিযোগও করেছেন স্থানীয় সাংবাদিকরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গোপীনাথপুর বাজারে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে গ্রাহক, স্থানীয় বাসিন্দা, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তবে পর্যাপ্ত বসার ব্যবস্থা না থাকায় অনেককে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। প্রায় দেড় ঘণ্টা পর উপস্থিত অনেকের হাতে একটি করে মিষ্টি দেওয়া হয় বলে অভিযোগ করেন কয়েকজন।
এদিকে খাবার বিতরণ নিয়েও অভিযোগ ওঠে। উপস্থিত কয়েকজনের দাবি, কিছু ব্যক্তিকে মিষ্টির পাশাপাশি বিরিয়ানির প্যাকেট দেওয়া হলেও অন্যদের শুধু একটি করে মিষ্টি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে উপস্থিতদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম আপু অনুষ্ঠানে বলেন, মানুষকে আমন্ত্রণ জানিয়ে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা কাম্য নয়। অনুষ্ঠানে নারী ও বয়স্ক মানুষও ছিলেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় তাঁদের কষ্ট হয়েছে।
সংবাদ সংগ্রহ করতে যাওয়া স্থানীয় সাংবাদিকদের সঙ্গে রূপালী ব্যাংক গোপীনাথপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. মাহবুব আলম অশোভন আচরণ করেছেন বলেও কয়েকজন সাংবাদিক অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে মো. মাহবুব আলম বলেন, “যাঁরা দাঁড়িয়ে ছিলেন, তাঁরা বিদ্যুৎ বিল দিতে এসেছিলেন। তাঁদের আমরা আমন্ত্রণ জানাইনি। সিসি ও ডিপোজিট গ্রাহকদের বিরিয়ানি দেওয়া হয়েছে। আর ভাসমান গ্রাহকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসির বগুড়া বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক এম.এম.জি. তোফায়েল। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন ভবনের উদ্বোধন করেন রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
এ সময় নওগাঁ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার দেবব্রত সাহা, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানসহ ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
মতামত