দিনাজপুরে দ্রুতগতির একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সিমেন্টের পিলারে ধাক্কা লেগে উল্টে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী সড়কের কোতয়ালি থানাধীন কাউগা মোড়ের রাজাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন ঠাকুরদাস চন্দ্র রায় (৬০) সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের বড়ইল গ্রামের মৃত শ্রীধর নারায়ণের ছেলে।
পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ট-১৭-০৩৪৩ নম্বরের জুট কাপড়বোঝাই ট্রাকটি ফুলবাড়ী থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে কাউগা মোড়ের রাজাপুকুর এলাকায় দ্রুত ও বেপরোয়া গতিতে চালানোর সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি সিমেন্টের পিলারে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে যায়। এ সময় সেখানে থাকা সাইকেল আরোহী ঠাকুরদাস চন্দ্র রায় ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
দিনাজপুর কোতয়ালী থানার বর্তমান অফিসার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান জানান খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। রেকার দিয়ে ট্রাকটি সড়ক থেকে সরানোর কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মতামত