জয়পুরহাটের ক্ষেতলাল ও আক্কেলপুরের দুই পরিবারের জন্য প্রবাসী বন্ধুকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে ফেরার পথে নেমে এসেছে মর্মান্তিক পরিণতি।
বগুড়ার শেরপুরে ট্রাকের সঙ্গে হাইস মাইক্রোবাসের সংঘর্ষে জোবায়ের হোসেন (২৭) ও মাইক্রোবাসচালক ফেরদৌস (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মালয়েশিয়া থেকে দেশে ফেরা প্রবাসী সুজন মিয়াসহ মাইক্রোবাসে থাকা আরও সাতজন আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতের শেষ দিকে বগুড়ার শেরপুর উপজেলার ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নিহতদের বাড়িতে গিয়ে পরিবার ও স্বজনদের কাছ থেকে এসব তথ্য জানা যায়।
নিহত জোবায়ের হোসেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের বাড়ইল কুঠিপাড়া গ্রামের আছের আলীর ছেলে। আর মাইক্রোবাসচালক ফেরদৌস আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর পূর্বপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জোবায়ের হোসেনের ঘনিষ্ঠ বন্ধু সুজন মিয়া দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। ছুটিতে দেশে ফেরায় বুধবার বন্ধুকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনতে পরিচিত মাইক্রোবাসচালক ফেরদৌসকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন জোবায়ের।
পরে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বিমানবন্দর থেকে প্রবাসী বন্ধু সুজন মিয়াকে মাইক্রোবাসে তুলে নিয়ে তারা জয়পুরহাটের উদ্দেশে রওনা দেন। ফেরার পথে ভোর আনুমানিক ৪টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ৯ মাইল এলাকায় পৌঁছালে হাইস মাইক্রোবাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় মাইক্রোবাসচালক ফেরদৌস ও যাত্রী জোবায়ের হোসেন ঘটনাস্থলেই মারা যান। মাইক্রোবাসে থাকা প্রবাসী সুজন মিয়াসহ আরও সাতজন আহত হন। পরে স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিকে দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছানোর পর নিহত জোবায়ের ও ফেরদৌসের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নিহত জোবায়ের হোসেনের আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তার স্ত্রীও বর্তমানে অন্তঃসত্ত্বা। স্বামীর মৃত্যুর খবর শুনে তিনি বারবার জ্ঞান হারাচ্ছেন৷
নিহত জোবায়েরের বাবা আছের আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার দুই ছেলে। একজন প্রবাসে থাকেন। জোবায়ের আমার সঙ্গে সংসারের কাজ করত, পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করত। আমার আট বছরের এক নাতনি আছে। ছেলের স্ত্রীও অন্তঃসত্ত্বা। এখন আমি কীভাবে তাদের দায়িত্ব নেব? আমি বড় অসহায় হয়ে গেলাম বাবা।
বগুড়া শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহআলম জানান, আনুমানিক ভোর ৪টার দিকে শেরপুরের ৯ মাইল এলাকায় একটি ট্রাকের সঙ্গে হাইস মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় নিয়মিত মামলা রুজু করার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মতামত