বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, একাত্তরের পরাজিত শক্তির আজও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করতে কষ্ট হয়। ঠিক তেমনি ২৪-এর পরাজিত শক্তিরও বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করতে কষ্ট হয়। এই দুই রাজনৈতিক শক্তির ঐক্য আমরা এ দেশের রাজনীতিতে প্রায়শই দেখতে পাই।
বুধবার রাতে কুষ্টিয়ার একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে কুষ্টিয়া জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা আবারও দেখতে পাচ্ছি, মাত্র সাত মাস বয়সী একটি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সেই ঐক্য আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই এই দুই পরাজিত শক্তিকে সবাই মিলে মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, গত সংসদ নির্বাচনে কুষ্টিয়া অঞ্চলে জাতীয়তাবাদী দল খুব খারাপ ফলাফল করেছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীদের বিজয়ী করার মধ্য দিয়ে কুষ্টিয়ায় সেই হারানো সম্মান ফিরিয়ে আনতে হবে।
মতবিনিময় সভায় দলের তৃণমূল পর্যায়ের নেতারাও বক্তব্য দেন। এ সময় তারা দলের অভ্যন্তরীণ অনৈক্য ও বিভেদের বিষয়গুলো তুলে ধরেন এবং সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতামত