জয়পুরহাটের ক্ষেতলালে কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে একটি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মুরারীপুর গ্রামে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গাভি গরুটির আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, মুরারীপুর গ্রামের কৃষক আলম হোসেন খাঁ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিদিনের মতো তার গোয়ালঘরে বাছুরসহ তিনটি গরু রেখে দরজায় তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা গোয়ালঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বাছুরসহ তিনটি গরুর মধ্যে একটি গাভি নিয়ে পালিয়ে যায়।
বুধবার ভোরে ঘুম থেকে উঠে গোয়ালঘরের দরজার তালা ভাঙা দেখতে পান আলম হোসেন খাঁ। পরে গোয়ালঘরের ভেতরে গিয়ে একটি গাভি দেখতে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন। এরপর আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া গাভিটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
ভুক্তভোগী কৃষক আলম হোসেন খাঁ বলেন, “আমি অনেক কষ্ট করে বাছুরসহ তিনটি গরু লালন-পালন করছিলাম। রাতে গোয়ালঘরে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়ি। ভোররাতে উঠে দেখি গোয়ালঘরের দরজার তালা কাটা। ভেতর থেকে একটি গাভি নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুটির আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা। তিনি আরও বলেন, গরুটি চুরি হওয়ায় তার পরিবার আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে। দ্রুত চুরি যাওয়া গাভিটি উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, এমন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। এখনো ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত