নীলফামারীর জলঢাকায় শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মকবুল হোসেন (৪৫) নামে এক মুরগি ব্যবসায়ী মারা গেছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মকবুলের মৃত্যু হয়। তিনি গত ১২ সেপ্টেম্বর বালাগ্রাম ইউনিয়নে সংঘর্ষের সময় আহত হন। প্রথমে তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ও স্বজনদের ভাষ্য, শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রথমে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়লে হাতাহাতি এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষে দেশীয় ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগও রয়েছে।
মকবুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার বিকেলে মরদেহ বাড়িতে নেওয়ার পথে জলঢাকা বাজারে লাশবাহী গাড়ি আটকে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্বজন ও স্থানীয়রা। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর জলঢাকা থানায় একটি মামলা হয়। পরে ১৯ সেপ্টেম্বর প্রতিপক্ষের পক্ষ থেকেও পৃথক মামলা করা হয়। একই ঘটনায় দুই পক্ষের করা মামলার তদন্ত নিরপেক্ষভাবে করার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
জলঢাকা থানার ওসি নাজমুল আলম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুত তাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত