মৌলভীবাজার পৌরসভা বাজারে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং মোড়কজাত পণ্যে নির্ধারিত মোড়ক ব্যবহার না করার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিট থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, সিপিসি-২,শ্রীমঙ্গল ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় কিসমত হোটেলের মালিক মাহফুজ আহমেদকে ২ হাজার টাকা,মেসার্স আজহার ট্রেডিংয়ের মালিক আব্দুস সালামকে ৩০ হাজার টাকা এবং তিন বোন রেস্টুরেন্টের মালিক জহুর মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসআরবি-৯ জানায়,জননিরাপত্তা নিশ্চিতকরণ ও বিভিন্ন অপরাধ প্রতিরোধের পাশাপাশি ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এসআরবি-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত