নীলফামারীর সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মো. মোস্তফা ফিরোজ (৫৫) ও শেখ রাসেল পরিষদের উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান লিমন (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। সৈয়দপুর থানা পুলিশ পৃথক পৃথক স্থান থেকে তাদের আটক করে।
জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে সৈয়দপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে সৈয়দপুর কলেজের সাবেক ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা ফিরোজকে গ্রেপ্তার করা হয়। তিনি সৈয়দপুর পৌরসভার কুন্দল এলাকার আলহাজ্ব জহির উদ্দিনের ছেলে। রাজনীতির পাশাপাশি তিনি একজন ইটভাটা ও সার ব্যবসায়ী। এছাড়া তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন।
আর মোস্তাফিজুর রহমান লিমন হলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও কামারপুকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তাকে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় উপজেলার কামারপুকুর বাজার থেকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত নুরুল হকের ছেলে।
তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। তিনি বলেন, বিগত ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর পুলিশবাদী এক নাশকতার মামলায় সম্পৃক্ততা থাকায় আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একটা সিআর মামলাও আছে। আর গত ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির করা ৪ নং মামলায় শেখ রাসেল পরিষদ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
মতামত